বিশ্বকাপ বিপর্যয়ের জন্য গণমাধ্যমকে দুষলেন আলভেস
ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার জন্য গণমাধ্যমকে দায়ী করেছেন দানি আলভেস। তবে এই ডিফেন্ডার স্বীকার করেছেন, জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালের জন্য তাদের প্রস্তুতিও ছিল না।
শুক্রবার ব্রাজিলের সবচেয়ে বড় ক্রীড়া পত্রিকা লান্সকে আলভেস বলেন, “আমাদের ভালো খেলোয়াড় ছিল, কিন্তু জার্মানির বিপক্ষে ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নেইনি।”
ব্রাজিলের প্রথম চারটি ম্যাচে খেলেছিলেন বার্সেলোনার ডিফেন্ডার আলভেস। জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারা সেমি-ফাইনালে বাদ পড়েন তিনি। চোটের জন্য দলের সবচেয়ে বড় তারকা নেইমার আর নিষেধাজ্ঞার কারণে অধিনায়ক চিয়াগো সিলভাও সেই ম্যাচে খেলতে পারেননি।
জার্মানির বিপক্ষে শেষ চারের ম্যাচে প্রথমার্ধেই ৫-০ গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল।
দলের প্রস্তুতি নিতে না পারার ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি আলভেস। তবে দাবি করেন, গণমাধ্যম সবসময়ই জাতীয় দলকে ঘিরে রেখেছিল।
ব্রাজিলের হয়ে ৭৭ ম্যাচ খেলা আলভেস বলেন, “গণমাধ্যম আমাদের শান্তিতে কাজ করতে দেয়নি।”
শ্বাসরুদ্ধকর পাদপ্রদীপের আলো ব্রাজিলের আগের দলগুলোর বিশ্বকাপ জয় যে ঠেকাতে পারেনি তা পাশ কাটিয়ে যান তিনি।
ব্রাজিল দলের ওপর ২৪ ঘণ্টাই সবার নজর ছিল বলে দাবি করে আলভেস বলেন, “আপনি জিতলে ব্রাজিলের গণমাধ্যম আপনাকে অভিনন্দন জানাবে। আপনি হেরে গেলে গালে একটি চড় খাবেন। আমার কাছে সেলেসাওদের সবচেয়ে বড় সমস্যা, অতিরিক্ত এক্সপোজার।”
এর আগে আলভেস জানান, চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমাবেন তিনি।
