২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ককে পাচ্ছে না জার্মানি

পোল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ইউরো বাছাইয়ের লড়াইয়ের জন্য বৃহস্পতিবার ২০ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ইওয়াখিম লুভ। তবে চোটের কারণে দলে নেই অধিনায়ক বাস্টিয়ান শোয়াইনস্টাইগার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 08:35 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

একই কারণে স্ট্রাইকার মারিও গোমেজ, সামি খেদিরা এবং মার্কো রয়েসকেও পাচ্ছেন না লুভ।

চোট সমস্যায় জর্জরিত এই দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলের নতুন মুখ কারিম বেলারাবি। এছাড়া দলে ফিরেছেন বরুসিয়া মনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড মাক্স কুজা।

আগামী ১১ অক্টোবর পোল্যান্ডের মাঠে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তিন দিন পর নিজেদের মাঠে আয়ারল্যান্ডকে আতিথ্য দেবে লুভের দল।

২৪ বছর বয়সী বেলারাবিকে দলে নেয়ার কারণ হিসেবে এই মৌসুমে তার দারুণ পারফরম্যান্সের কথা উল্লেখ করেন দেশকে চতুর্থ বিশ্বকাপ জেতানো কোচ লুভ। এবারের মৌসুমের জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগার প্রথম ম্যাচে লিগের ইতিহাসের দ্রুততম গোল করেন বায়ের লেভারকুজেনের ফরোয়ার্ড বেলারাবি। জার্মানির যুব দলে খেলার অভিজ্ঞতা আছে তার।

জার্মানি দল:

গোলরক্ষক: মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), রোমান ভাইডেনফেলার (বরুসিয়া ডর্টমুন্ড), রন-রবের্ট সিলের (হানোভার)।

ডিফেন্ডার: জেরম বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), এরিক ডুর্ম (বরুসিয়া ডর্টমুন্ড), মাটথিয়াস জিনটার (বরুসিয়া ডর্টমুন্ড), মাটস হুমেলস (বরুসিয়া ডর্টমুন্ড), স্কোড্রান মুস্তাফি (ভালেন্সিয়া), আন্টোনিও রুডিগা (স্টুটগার্ট), সেবাস্টিয়ান রুডি (হফেনহাইম)।

মিডফিল্ডার: কারিম বেলারাবি (লেভারকুজেন), উলিয়ান ড্রাক্সলার (শালকে), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), ক্রিস্টোফ ক্রামের (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), মেসুত ওজিল (আর্সেনাল), লুকাস পোডলস্কি (আর্সেনাল), আন্দ্রে শুরলে (চেলসি)।

ফরোয়ার্ড: মারিও গোটসে (বায়ার্ন মিউনিখ), মাক্স কুজা (বরুসিয়া মনশেনগ্লাডবাখ)।