জাতীয় দলকে কুইটের বিদায়
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন নেদারল্যান্ডসের ডির্ক কুইট। জাতীয় দলের হয়ে ১০ বছর খেলার পর শুক্রবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান ডাচ এই ফরোয়ার্ড।
ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় হওয়া নেদারল্যান্ডস দলের নিয়মিত সদস্য ছিলেন লিভারপুলের সাবেক এই খেলোয়াড়। কিন্তু ডাচ দলের নতুন কোচ গাস হিডিঙ্কের অধীনে বেশিরভাগ সময় বেঞ্চেই বসে থাকতে হচ্ছে কুইটকে।
হঠাৎ করে অবসরের সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে দলে নিয়মিত জায়গা না পাওয়ার বিষয়টিকেই উল্লেখ করেন ৩৪ বছর এই খেলোয়াড়।
শেষটা কিছুটা হতাশার হলেও দেশের হয়ে ১০ বছরের ক্যারিয়ারে পেছনের দিকে তাকালে গর্ব বোধ করেন বলে বিবৃতিতে জানান ১০৪ ম্যাচে ২৪ গোল করা কুইট।
২০০৪ সালে জাতীয় দলে প্রথম ডাক পাওয়া কুইট ডাচদের হয়ে তিনটি বিশ্বকাপ ও দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ খেলেন।
