মাসের সেরা দি মারিয়া
ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েই সমর্থকদের মন জয় করে নিয়েছেন আনহেল দি মারিয়া। সমর্থকদের ভোটে সেপ্টেম্বর মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে এ মৌসুমেই ওল্ড ট্র্যাফোর্ডে আসা আর্জেন্টিনার এই তারকা।
৬৮ শতাংশ ভোট পেয়েছেন দি মারিয়া। ২৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় সেরা আন্দের এররেরা।
সেরা খেলোয়াড়ের এই পুরস্কার পেয়ে দারুণ খুশি দি মারিয়া। ক্লাবের ওয়েবসাইটে তিনি জানান, “ম্যানচেস্টার ইউনাইটেডে আমার ক্যারিয়ার খুব ভালোভাবে শুরু হওয়ায় আমি খুব খুশি।”
ভবিষ্যতে দলকে জেতাতে মাঠে গুরুত্বপূর্ণ অবদান রাখার আশাও প্রকাশ করেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়
স্পেনের লা লিগার দল রিয়াল থেকে গত ২৬ অগাস্ট ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ড গড়ে ওল্ড ট্র্যাফোর্ডের দলটিতে যোগ দেন দি মারিয়া। ৩০ অগাস্ট বার্নলির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের মাচে ইউনাইটেডের জার্সিতে অভিষেক হয় আর্জেন্টিনার এই তারকার।
পরের ম্যাচেই কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে নতুন দলের হয়ে প্রথম গোল করেন তিনি। ইউনাইটেডও ম্যাচটা জেতে ৪-০ ব্যবধানে। লিগের প্রথম তিন ম্যাচে একটি হার ও দুটি ড্রয়ের পর ওটাই ছিল ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটির প্রথম জয়।
পরের ম্যাচে ইপিএলের এবারের নবাগত দল লেস্টার সিটির বিপক্ষেও গোল করেন দি মারিয়া। তবে ম্যাচটা ৫-৩ গোলে হেরে যায় লিগের সফলতম দল ইউনাইটেড।
