রোনালদো নয়, শিরোপায় চোখ মেসির
সময়ের সেরা লিওনেল মেসি, নাকি ক্রিস্তিয়ানো রোনালদো? ফুটবল পণ্ডিত থেকে শুরু করে সাধারণ ফুটবল সমর্থক-সবার কাছেই গত কয়েক বছর ধরে সবচেয়ে বড় তর্ক এটা। তবে মেসির এই দ্বৈরথ নিয়ে ভাবতে বয়েই গেছে। আর্জেন্টিনা অধিনায়কের সব মনোযোগ বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতায়।
স্পেনের লা লিগার দুই তীব্র প্রতিদ্বন্দ্বী মেসি ও রোনালদো। বর্ষসেরা ফুটবলারের গত ৬টি পুরস্কার তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। এ মৌসুমে মাঠের লড়াইয়ে গোল করা আর গোল করানোয় সমানে সমান লড়ছেন দুজন। চার বারের ব্যালন ডি'অর জয়ী মেসি অবশ্য এসব নিয়ে ভাবেন না।
“ক্রিস্তিয়ানোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা? সে অথবা কারো সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আমি ভাবি না। এটা আসলে ব্যক্তিগত পুরস্কারের বিষয় নয়। আমি দলকে সাহায্য করতে চাই।”
অনেকেই মনে করেন, মেসি আর রোনালদোকে ছাড়িয়ে বিশ্ব সেরা হওয়ার প্রতিভা আছে ব্রাজিলের তারকা নেইমারের মধ্যেও। মেসিও তার বার্সেলোনা সতীর্থকে নিয়ে আশাবাদী।
“এখানে এটা মাত্র তার দ্বিতীয় বছর। কিন্তু মাঠ আর মাঠের বাইরে নেইমারের সঙ্গে আমার সম্পর্কটা দারুণ। ও খুব ভালো ছেলে। ওর প্রতিভার জন্য আমার মনে হয়, নেইমার বিশ্বসেরা হতে পারে। ও বড় মাপের খেলোয়াড়, ওর সঙ্গে খেলা আনন্দের ব্যাপার।”
রোনালদোর সঙ্গে দ্বৈরথ আর নিজেকে কিংবদন্তি করে তোলার ব্যাপারে অনেকটা যেন নির্লিপ্তই মেসি।
“ফুটবল ইতিহাসে জায়গা করে নেয়ার বিষয়ে আমি ভাবি না। আমি শুধু আরো ভালো খেলতে চাই এবং দলের হয়ে শিরোপা জিততে চাই।”
