২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলির উজ্জ্বল দিনে সেভিয়ার ড্র

ইউরোপা লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে উজ্জ্বলতা ছড়াল নাপোলি। মারেক হামসিকের অসাধারণ পারফরম্যান্সে স্লোভান ব্রাতিস্লাভাকে ২-০ গোলে হারিয়েছে ইতালির ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 01:29 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন সেভিয়া ক্রোয়েশিয়ার ক্লাব এনএইচকে রিয়েকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।

সাবেক দুই ইউরোপ সেরা সেল্টিক ও ফেইয়েনুর্দ অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়ে। সেল্টিক ডায়নামো জাগরেবকে হারায় ১-০ গোলে। স্তান্দার্দ লিয়েগের বিপক্ষে ফেইয়েনুর্দের জয়টি ২-১ গোলে।

ইউরোপের ক্লাব পর্যায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এই ইউরোপা লিগ জয়ীরা আগামী মৌসুম থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট পাবে। আর গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে এই দৌড়ে টিকে থাকার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল নাপোলিসহ আরো পাঁচটি দল।

বৃহস্পতিবার জয় পায় ফিওরেন্তিনা, লেগিয়া ওয়ারশ, ডায়নামো কিয়েভ, ইন্টার মিলান ও ডায়নামো মস্কো।

ইংল্যান্ডের দুই ক্লাবের জন্য ইউরোপা লিগের বৃহস্পতিবার দিনটি ভালো যায়নি। টটেনহ্যাম বেসিকতাসের সঙ্গে আর এভারটন ক্রাসনোদারের সঙ্গে ড্র করে। দুটি ম্যাচই ১-১ গোলে ড্র হয়।

বৃহস্পতিবার নাপোলি খেলতে যায় ব্রাতিস্লাভার মাঠে। হামসিকের জন্য এটি তার পুরানো ক্লাবে ফেরা ছিল। সাবেক ক্লাবের বিপক্ষে নাপোলিকে জেতাতে বড় ভূমিকা রাখেন তিনিই। নিজে একটি গোল করেন, গনসালো হিগুয়াইনের অন্য গোলটিতে রাখেন অবদান।

স্তেফানে এমবিয়ার শেষ মুহূর্তের গোলে ক্রোয়েশিয়ার ক্লাব রিয়েকার বিপক্ষে কোনো মতে ড্র নিয়ে সেভিয়া মাঠ ছাড়লেও হারতে হয় সাবেক দুই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন ও স্তুয়া বুখারেস্তকে।