২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনন্য রেকর্ডের হাতছানিতেও নির্লিপ্ত মেসি

লিওনেল মেসির সামনে রয়েছে অনন্য একটি রেকর্ডের হাতছানি, যা তিনি ছুঁতে পারেন আগামী ম্যাচেই। অথচ লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার দ্বারপ্রান্তে এসেও একদম নির্লিপ্ত বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2014, 11:58 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

২৫১টি গোল নিয়ে স্পেনের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতা তেলমো সাররাকে ছাড়িয়ে যেতে মাত্র চারটি গোল দরকার মেসির। আর্জেন্টিনার এই তারকা খুব শিগগিরই রেকর্ডটা নিজের করে নিতে যাচ্ছেন। কিন্তু ব্যাপারটা নিয়ে মোটেও নাকি ভাবছেন না টানা চারবারের বর্ষসেরা ফুটবলার।

বৃহস্পতিবার বার্সেলোনায় একটি অনুষ্ঠানে মেসি বলেন, “রেকর্ডটা নিয়ে এখন আমি কিছু ভাবছি না। তবে বিশ্বের অন্যতম সেরা লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়াটা দারুণ হবে। আসার সময় হলে এটা আসবে।”

এই মৌসুমে লিগে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে পাঁচ গোল করা মেসির লা লিগায় মোট গোল ২৪৮টি। তাই সাররার রেকর্ড ভাঙতে মেসির খুব বেশি সময় লাগবে না।

২০০৬ সালে মারা যাওয়া স্পেনের সাবেক ফরোয়ার্ড সাররা ১৯৪০ ও ১৯৫০ দশকে খেলে রেকর্ডটা গড়েছিলেন। ২০০৪ সালে বার্সেলোনায় অভিষেক হওয়া মেসির এখন বয়স ২৭ বছর।

২০০৫ সালে বার্সেলোনার হয়ে লা লিগায় প্রথম গোল করেই ওই সময়ের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছিলেন মেসি। ওই সময় তার বয়স ছিল ১৭ বছর ১০ মাস ৭ দিন। পরে রেকর্ডটা ভাঙেন বোইয়ান করকিচ।