ওয়েলবেকের হ্যাটট্রিকে আর্সেনালের জয়
হার দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পথচলা শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই সে ধাক্কা সামলে উঠেছে আর্সেনাল। ড্যানি ওয়েলবেকের হ্যাটট্রিকে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে উত্তর লন্ডনের ক্লাবটি।
বুধবার আর্সেনালের বড় জয়ে অন্য গোলটি করেন আলেক্সিস সানচেস।
প্রথম রাউন্ডে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ২-০ গোলে হেরে এমনিতেই খানিকটা পিছিয়ে ছিল আর্সেনাল।
চোটের কারণে গালাতাসারাইয়ের বিপক্ষে মাঝমাঠের গুরুত্বপূর্ণ দুই মিডফিল্ডার অ্যারন রামজি ও মিকেল আর্তেতা ছিলেন না। স্ট্রাইকার অলিভিয়ে জিরুদ তো লম্বা সময়ের জন্য আগেই মাঠের বাইরে ছিটকে গেছেন। সবমিলিয়ে আর্সেনাল সমর্থকদের দুশ্চিন্তার অন্ত ছিল না।
তবে ঘরের মাঠ এমিরেটসে ম্যাচের প্রথমার্ধেই সব চিন্তার অবসান ঘটান এই মৌসুমেই আর্সেনালে যোগ দেয়া দুই ফরোয়ার্ড ওয়েলবেক ও সানচেস।
২২তম মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন ওয়েলবেক। সানচেসের পাস পেয়ে ডি বক্স থেকে বল জালে জড়ান ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসা ওয়েলব্যাক।
আট মিনিট পর ব্যবধান বাড়ানো দ্বিতীয় গোলটিও ইংল্যান্ডের খেলোয়াড় ওয়েলবেকের। গোলটির উৎস অবশ্য প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ভুলে। ডি বক্সের অনেক দূরে হেড করে বল বিপদমুক্ত করতে গিয়েছিলেন তিনি। কিন্তু বল পেয়ে যান ওয়েলব্যাক। রক্ষণের এক খেলোয়াড়ের বাধা এড়িয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের চার মিনিট আগে ব্যবধান ৩-০ করে জয় মোটামুটি নিশ্চিত করে ফেলেন চিলির তারকা সানচেস। মেসুত ওজিলের পাস পেয়ে ১৫ গজ দূর থেকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যাটট্রিকটাও পূরণ করে ফেলেন ওয়েলবেক। ৫২তম মিনিটে স্বদেশী মিডফিল্ডার অ্যালেক্স-অক্সলেড চেম্বারলেইনের পাস গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ান ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।
ব্যবধান ৪-০ হওয়ার আট মিনিট পর অতিথি স্ট্রাইকার বুরাক ইলমাজকে ফাউল করে বহিস্কার হন স্বাগতিক গোলরক্ষক পোল্যান্ডের ভয়চিখ। আর পেনাল্টি পায় গালাতাসারাই। তা থেকেই ব্যবধান কমান তুরস্কের স্ট্রাইকার ইলমাজ।
আর্সেনাল বাকিটা সময় এক জন কম নিয়ে খেললেও স্কোরে কোনো পরিবর্তন আসেনি।
১৯৯৬ সালের এই দিনে আর্সেনালের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন আর্সেন ভেঙ্গার। লন্ডনের ক্লাবটির কোচের দায়িত্বে দীর্ঘ পথচলার ১৮ বছরের বর্ষপূর্তিতে দারুণ এক জয়ই পেলেন সাবেক ফরাসি এই খেলোয়াড়।
'ডি' গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটকে ৩-০ গোলে হারিয়েছে জার্মানির দল বরুসিয়া। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে দলটি।
৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।
