২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষস্থান ধরে রাখলেন জিয়া

সপ্তম রাউন্ড শেষে সাড়ে ৬ পয়েন্ট নিয়ে জাতীয় দাবায় এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 09:28 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

শনিবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে একসেস গ্রুপের ফিদে মাস্টার রেজাউল হককে হারিয়েছেন জিয়া। ৫৯ চালে জয় তুলে নেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই গ্র্যান্ডমাস্টার।

বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ঢাকা মোহামেডানের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ পাঁচ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

সপ্তম রাউন্ডে এনামুল-নিয়াজ ড্র করেন। রাকিব সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের গোলাম মোস্তফা ভূঁইয়াকে ৩৫ চালে হারিয়েছেন। ২৮ চালের ঢাকা মোহামেডানের ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে হারান নাসির।

একসেস গ্রুপের উতেন রাখাইন ২৯ চালে জয় পেয়েছেন ফায়ার-সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাসুম হোসেনের বিপক্ষে। বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন লিওনাইন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে ৩৬ চালে হারিয়েছেন।

তিতাসের ফিদে মাস্টার দেবরাজ চ্যার্টার্জী ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামের ম্যাচটি ড্র হয়।