ফন গালের স্বীকারোক্তি
ম্যানচেস্টার ইউনাইটেডের আসল সমস্যাটা মনে হয় ধরতে পেরেছেন লুইস ফন গাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ স্বীকার করেছেন, তার চিন্তা-ভাবনার ধরণ খেলোয়াড়দের বুঝতে সমস্যা হচ্ছে।
শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের আগে ৫ ম্যাচ থেকে ইউনাইটেডের সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট। চারদিকে এ নিয়ে ব্যাপক সমালোচনা। তারকাসমৃদ্ধ ক্লাবটির সমস্যা বুঝে উঠতে পারছে না কেউ।
এ নিয়ে ফন গাল বলেন, “আমরা খেলোয়াড়দের অনেক তথ্য দেই। মৌসুমে একটা সময় আসবে যখন মনে হবে, এই তথ্য যথেষ্ট নয়। তবে এ সময় হয়ত তথ্যগুলো একটু বেশিই মনে হচ্ছে।”
১৬ জুলাই ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর অনুশীলনে নিজের দর্শন অনুযায়ী দলকে নানা ফর্মেশনে খেলিয়ে দেখেন ফন গাল। তবে ম্যাচে তার পুরোপুরি বাস্তবায়ন করতে পারছেন না তার ছাত্ররা।
অনেকেই মনে করছেন খেলোয়াড়দের ওপর বেশি চাপ দিচ্ছেন ফন গাল। তবে আয়াক্স, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক একই কোচ মনে করেন, একদিন ঠিকই ক্লাব এ থেকে সুফল পাবে।
ফন গালও বুঝতে পারছেন, সমর্থকদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তবু তাদের আরেকটু অপেক্ষা করতে আহবান জানান এই ডাচ কোচ।
