২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটা বড় হার হকি দলের

বড় হার দিয়ে এশিয়ান গেমসের গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ হকি দল। 'এ' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ ব্যবধানে হেরেছেন চয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 06:00 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

শনিবার সিওনহাক স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণের পসরা মেলে ধরে স্বাগতিক দল। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চারটি ফিল্ড গোল তুলে নেয় তারা। শেষ দুই কোয়ার্টারে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথটাও তাই কঠিন হয়ে যায়।

তৃতীয় কোয়ার্টারে খোরশেদরা রক্ষণভাগ মোটামুটি সামলে রাখতে পারেন। এই কোয়ার্টারে একটি ফিল্ড গোল পায় দক্ষিণ কোরিয়া। তবে চতুর্থ কোয়ার্টারে স্বাগতিকরা পেনাল্টি কর্নার থেকে দুটি গোল আদায় করে নেয়।

এশিয়ান গেমসে এর আগে কোরিয়ার সঙ্গে দুবার সাক্ষাতের দুটিতেই হারে বাংলাদেশ। তবে আগের দুবারের চেয়ে এবারের হারের ব্যবধান কমেছে। ১৯৯৪ সালে হিরোশিমা গেমসে ১০-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আর ২০০৬ সালে দোহার হারটি ৯-০ গোলে।

একটি জয় ও ৩টি হার নিয়ে ইনচন মিশন শেষ করলেন চয়ন-খোরশেদরা। ‘এ’ গ্রুপে বাংলাদেশশের একমাত্র জয়টি সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে। গ্রুপের বাকি দুই ম্যাচে জাপানের কাছে ৮-০ ও মালয়েশিয়ার কাছে ৫-১ ব্যবধানে হারে নাভিদ আলমের ছাত্ররা।

বাংলাদেশের ৬ষ্ঠ হওয়ার স্বপ্ন আগেই গুঁড়িয়ে গিয়েছিল। ‘এ’ গ্রুপে চতুর্থ হওয়ায় এখন কেবল সপ্তম বা অষ্টম হওয়ার পথটাই আপাতত খোলা আছে চয়নদের সামনে।

গত এশিয়ান গেমসে দশ দলের মধ্যে অষ্টম হয় বাংলাদেশ হকি দল।