২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-নেইমারদের সামনে জরিমানার হুমকি!

ম্যাচের দিন দলের সঙ্গে যোগ দিতে একটু দেরি হলো অথবা কোনো দলীয় সভা বা অনুশীলনে আসত দেরি; কোনো রক্ষা নেই, জরিমানা গুনতে হবে লিওনেল মেসি আর নেইমারদের। বার্সেলোনা কোচ লুইস এনরিকে তার দলকে আরও শৃঙ্খলাবদ্ধ করতে এই নিয়ম জারি করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 04:19 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

জরিমানার পরিমানের বিবেচনায় সবচেয়ে কঠোর শাস্তি হবে ম্যাচের দিন দেরি করে আসলে। মেসি-নেইমার আর তাদের সতীর্থদের এর জন্য ৩০০ পাউন্ড জরিমানা গুনতে হবে।

দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানার পরিমান দ্বিগুণ হবে, ৬০০ পাউন্ড। তৃতীয়বার এটা হবে ১ হাজার ২০০ পাউন্ড।

অনুশীলন বা দলীয় সভায় দেরি করে আসার শাস্তিটা অবশ্য একটু কম কঠোর। এর জন্য বার্সেলোনা খেলোয়াড়দের ১৫০ পাউন্ড করে জরিমানা গুনতে হবে। আগের মতোই প্রতিবার দ্বিগুণ করে বাড়তে থাকবে জরিমানা-দ্বিতীয়বার ৩০০ পাউন্ড আর তৃতীয়বার ৬০০ পাউন্ড।

মেসির ২ লাখ ৯২ হাজার পাউন্ডের সাপ্তাহিক বেতনের কাছে এই জরিমানাকে তুচ্ছ। তবে আতলেতিকো মাদ্রিদের কাছ থেকে লা লিগার শিরোপা উদ্ধারের মিশনে নামা বার্সেলোনাকে শৃঙ্খলাবদ্ধ করতে কোচ সব চেষ্টাই করছেন।

অনেকেই ধারণা করছেন, এনরিকে জরিমানার কৌশলটা শিখেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গালের কাছে। আয়াক্সে থাকতে ফন গাল তার খেলোয়াড়দের দেরিতে সকালের নাস্তা করার জন্য জরিমানা ধার্য করেছিলেন।

ইউনাইটেড এসেও এই ডাচ কোচ তার খেলোয়াড়দের একসঙ্গে খাওয়া-দাওয়া করার হুকুম জারি করেন। বিষয়টি পর্যবেক্ষণ করতে এরই মধ্যে তিনি ক্যারিংটনে ক্লাবের অনুশীলনের প্রধান কার্যালয়ে ৫ লাখ পাউন্ডের ক্যামেরা সরঞ্জামও বসান।