দুই ব্রাজিলিয়ানের গোলে পিএসজির জয়
পিএসজিকে জয় এনে দিয়েছেন ব্রাজিলের দুই খেলোয়াড়। লুকাস মউরা ও মারকুইনিয়োসের দুই গোলে ফ্রান্সের লিগ ওয়ানে ক্যঁকে ২-০ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যম্পিয়নরা।
ক্যঁর মাঠে বুধবার দলের সবচেয়ে বড় তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়াই খেলতে নামে পিএসজি। চোটের কারণে এই ম্যাচে খেলতে না পারা সুইডেনের এ ফরোয়ার্ডের অভাবটা অবশ্য বুঝতে দেননি লুকাসরা।
ম্যাচের শুরুর দিকেই পিএসজিকে এগিয়ে দেন লুকাস মউরা। লিগে সবশেষ তিন ম্যাচে ড্র করা পিএসজিকে এগিয়ে দেয়া গোলটি ব্রাজিলের মিডফিল্ডার করেন ১৮তম মিনিটে।
ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনিয়োস হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন ৫৬তম মিনিটে।
এই জয়ের পর ৭ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল পিএসজি। ১৬ পয়েন্ট নিয়ে অলিম্পিক মার্শেই আছে শীর্ষে।
এদিকে আগের ম্যাচে মঁপেলিয়েকে ১-০ গোলে হারানোর পরও পয়েন্ট তালিকায় মোনাকোর অবস্থান ১১তম। ৭ ম্যাচ থেকে গত মৌসুমের রানার্সআপ দলটির অর্জন ১০ পয়েন্ট।
