রেকর্ড ভাঙতে চান বোল্ট
১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে নিজের রেকর্ড আবার ভাঙতে চান উসাইন বোল্ট। আর প্রিয় ইভেন্ট ২০০ মিটারের রেকর্ড শুধুই ভাঙাই নয়, টাইমিং নামিয়া আনতে চান ১৯ সেকেন্ডের কমে।
ছয়টি অলিম্পিক সোনাজয়ী জ্যামাইকার এই স্প্রিন্টার বলেন, “সবাই ১০০ মিটার দেখতে চায় কিন্তু আমার চোখ ২০০ মিটারে। ১৯ সেকেন্ডের কমে ২০০ মিটার শেষ করা আমার অন্যতম বড় লক্ষ্য।”
২০০৯ সালে বার্লিনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার ও ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারের বিশ্বরেকর্ড গড়েন বোল্ট।
এ বছর চোটের কারণে ট্র্যাকে মাত্র তিনবার নামতে পেরেছেন বোল্ট। গত কমনওয়েলথ গেমসে ৪*১০০ মিটার রিলেতে জ্যামাইকাকে সাফল্য এনে দিলেও কোনো রেকর্ড গড়তে পারেননি। তবে চোট কাটিয়ে ওঠা বোল্টের বিশ্বাস বর্তমানে ‘ফিটনেস’ বজায় থাকলে ১০০ মিটারের রেকর্ডও নতুন করে লিখতে পারবেন তিনি।
