এবার ওয়েস্ট হ্যামের কাছে লিভাপুলের হার
অ্যাস্টন ভিলার কাছে হারে দুঃখ ভুলার আগেই আরেকটি বড় ধাক্কা খেয়েছে লিভারপুল। এবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হেরেছে দলটি।
শনিবার আপটন পার্কে লিভারপুলকে ৩-১ গোলে হারায় ওয়েস্ট হ্যাম।
নিজেদের মাঠে ওয়েস্ট হ্যামের শুরুটা ছিল স্বপ্নে মতো। মাত্র ৭ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয় মিনিটেই উইস্টন রিডের গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। সেই ধাক্কা সামলে উঠার আগে সপ্তম মিনিটে দ্বিতীয়বারের মতো নিজেদের জাল থেকে বল কুড়িয়ে আনতে হয় ব্রেন্ডন রজার্সের শিষ্যদের।
ব্যবধান বাড়ানো দ্বিতীয় গোলটি করেন দিয়াফরা সাখো।
পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে উঠা লিভারপুল ব্যবধান কমাতে বেশি সময় নেয়নি। ২৬তম মিনিটে রাহিম স্টার্লিংয়ের ডান পায়ের শট জালে জড়ালে অতিথিরা উজ্জীবিত হয়ে উঠে।
লিভারপুলের একের পর এক আক্রমণ ঠেকিয়ে ব্যবধান ধরে রাখে ওয়েস্ট হ্যাম। আর ৮৮তম মিনিটে মর্গান আমালফিটানোর গোলে ঘরের মাঠে মৌসুমের প্রথম জয়টি নিশ্চিত হয়ে যায় দলটির।
ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ খেলা এটি লিভারপুলের তৃতীয় হার। অ্যাস্টন ভিলার আগে ম্যানচেস্টার সিটির কাছে মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছিল তারা।
