২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের মেসি-স্তুতি

বদলি হিসেবে নেমে জোড়া গোল করে বার্সেলোনার জয়ের নায়ক নেইমার ম্যাচ শেষে প্রশংসায় ভাসালেন সতীর্থ লিওনেল মেসিকে। ব্রাজিলের তারকার দুটি গোলেরই উৎস ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2014, 02:56 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

শনিবার নিজেদের মাঠে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনাকে ২-০ গোলের জয় এনে দেন নেইমার।

৬৩তম মিনিটে মুনির এল হাদ্দাদির বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ৫ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের চেহারা বদলে দেন তিনি। প্রথম গোলটি তিনি করেন ৭৯তম মিনিটে। বক্সের বাইরে থেকে পাওয়া মেসির পাসটি ঠাণ্ডা মাথায় জালে জড়ান নেইমার।

৫ মিনিট পরই দ্বিতীয় গোল করেন ব্রাজিলের নতুন অধিনায়ক। ডান প্রান্তে অসাধারণ ড্রিবলিংয়ে আথলেতিক বিলবাওয়ের রক্ষণকে বোকা বানান মেসি। আর্জেন্টিনার অধিনায়ক এরপর বল দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা নেইমারকে। গোল করতে কোনো কষ্টই হয়নি তার।

এমন সাহায্য পাওয়ার পর মেসিকে নিয়ে উচ্ছ্বসিত নেইমার। ম্যাচ শেষে তিনি প্রশংসায় ভাসান চার বারের বর্ষসেরা ফুটবলারকে।

"মেসি বিশ্বের সেরা, একজন তারকা। আমি তার সঙ্গে খেলে উন্নতি করছি।"

মেসিতে মুগ্ধ বার্সেলোনা কোচ লুইস এনরিকেও। ম্যাচ শেষে নেইমারের বদলে মেসিরই প্রশংসা করলেন তিনি।

"শুধু গোলের জন্যই নয়, গোলে অবদান রাখার জন্যও মেসি সেরা। অনুশীলনে সে এমন কিছু করে, যা আমি প্লে-স্টেশনেও দেখিনি।"