সেরি আয় ইউভেন্তুস, রোমার জয়
ইতালির সেরা আয় জয় পেয়েছে শিরোপাধারী ইউভেন্তুস ও গতবারের রানার্সআপ রোমা।
শনিবার ইউভেন্তুস নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়েছে উদিনেসকে। স্বাগতিকদের পক্ষে দুই অর্ধে একটি করে গোল করেন কার্লোস তেভেস ও ক্লাদিও মার্চিশিও।
দুই খেলায় ইউভেন্তুসের টানা দ্বিতীয় এই জয়ে বড় অবদান তেভেসের।
শনিবার ইউভেন্তুস স্টেডিয়ামে অষ্টম মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন তেভেস। স্টেফান লিখস্টেইনারের পাস থেকে উদিনেসের জাল খুঁজে নেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
এগিয়ে যাওয়ার পরও প্রতিপক্ষের রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেন তেভেস, পল পগবা, মার্চিশিওরা। কিন্তু উদিনেস গোলরক্ষক ওরেস্তিস কার্নেজিসকে ফাঁকি দেয়া সম্ভব হচ্ছিল না।
তবে ৭৫তম মিনিটে আর পারেননি উদিনিসের গোলরক্ষক। তেভেসের পাস থেকে জোরালো শটে প্রতিপক্ষের জাল খোঁজে নেন মার্চিশিও। বিপদ কাটাতে ঝাঁপিয়ে পড়েছিলেন কার্নেজিস, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি।
সেরি বির রানার্সআপ হয়ে শীর্ষ লিগে আসা এমপলিকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছে রোমা।
কার্লো কাস্তেললানিতে লুইজি সেপের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয়ে যায় রোমার। দুই খেলায় এটি তাদের দ্বিতীয় জয়।
