২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেতিকোর বিপক্ষে খেলছেন রোনালদো

চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড খেলবেন বলেও জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 09:54 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

শনিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নবেউয়ে লা লিগা চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর শারীরিক অবস্থা ভালো বলে জানান আনচেলত্তি।

“গত তিন সপ্তাহ ধরে সে খুব ভালোভাবে অনুশীলন করেছে এবং তার কোনো সমস্যা নেই।”

প্রায় দুই সপ্তাহ পর গত বুধবার ক্লাবের সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন রোনালদো। মাঝের বিরতিতে প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা করে একা অনুশীলন করেন তিনি।

হাঁটুর চোটের কারণে গত মৌসুমের শেষ দিকে অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেললেও পরে রোনালদো জানান, সম্পূর্ণ সুস্থ না হয়েই তিনি ওই ম্যাচগুলো খেলেছিলেন।

গত মাসে পায়ের পেশির চোটে পড়েন গতবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী তারকা। তারপর থেকেই কারো কারো মনে ধারণা জন্মায়, হয়ত আগের চোটের কারণেই রোনালদো এই চোট। তবে সে শঙ্কা উড়িয়ে দিয়েছেন আনচেলত্তি।

“সে এখন খুব ভালো অবস্থায় আছে। তার কোনো দীর্ঘস্থায়ী চোট নেই। গত মৌসুমে তার একটা চোট ছিল আর এবার আরেকটা। দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই।”

আতলেতিকো ম্যাচের জন্য শুক্রবার ঘোষিত ১৯ সদস্যের দলে রোনালদো, গ্যারেথ বেল, হামেস রদ্রিগেস ছাড়াও আছেন এ মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসা হাভিয়ের এরনান্দেস।

আনচেলত্তি জানান, আতলেতিকোর বিপক্ষেই রিয়ালের জার্সিতে অভিষেক হচ্ছে মেক্সিকোর স্ট্রাইকার এরনান্দেসের। তবে শুরুর একাদশে নয়, বদলি হিসেবে ম্যাচটি খেলবেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়।