ইউনাইটেডে রোমাঞ্চিত ফালকাও
ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখাতে পেরে রোমাঞ্চিত রাদামেল ফালকাও। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে খেলতে পারাকে নিজের একটি স্বপ্ন পূরণ বলেও উল্লেখ করেছেন কলম্বিয়ার স্ট্রাইকার।
দলবদলের শেষ দিনে ফ্রান্সের ক্লাব এএস মোনাকো থেকে ধারে ইউনাইটেডে যোগ দেয়া ফালকাও এই কথা বলেন বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে তার পরিচিতি অনুষ্ঠানে।
"আমি এখানে আসতে পেরে খুব খুশি। এটা আমার ক্যারিয়ারের জন্য বড় এক চ্যালেঞ্জ। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে আসার স্বপ্ন সবসময় দেখেছি। এটা নতুন প্রক্রিয়া, নতুন দল।"
ইউনাইটেডে নিজেকে খুব দ্রুতই মানিয়ে নিতে পারবেন বলে জানান ফালকাও।
গত জানুয়ারিতে হাঁটুতে পাওয়া চোটের কারণে বিশ্বকাপ খেলা হয়নি ফালকাওয়ের। এরপর ক্লাব ফুটবলেও মাত্র তিনটি ম্যাচই খেলেন তিনি। তবে এখন সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানান কলম্বিয়ার এই তারকা।
