২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রক্ষণে মেসি-নেইমারের চেয়ে সুয়ারেস ভালো’

আক্রমণে দুর্বার লিওনেল মেসি আর নেইমার রক্ষণে নেমেও দলকে সহায়তা করেন? এদিক থেকে বার্সেলোনায় নতুন যোগ দেয়া লুইস সুয়ারেসকে এগিয়ে রাখছেন রাশিয়ার জাতীয় দলের কোচ ফাবিও কাপেল্লো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 09:49 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

কাপেলো মনে করেন, বার্সেলোনায় রাতারাতি জনপ্রিয় হবেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

বার্সেলোনা আক্রমণভাগে দারুণ ত্রয়ী পেল বলেই ধারনা কাপেল্লোর। তবে রক্ষণে মেসি-নেইমারের চেয়ে সুয়ারেসকে বেশি কার্যকর মনে করেন তিনি।

স্কাই স্পোর্টকে তিনি বলেন “এই ধরণের খেলোয়াড়রা রক্ষণেও ভূমিকা রাখলে আরো দারুণ হবে। সুয়ারেস রক্ষণ করে, কিন্তু বাকি দুজন (মেসি ও নেইমার) এত বেশি রক্ষণ করে না।”

আক্রমণের পাশাপাশি মেসি ক্যারিয়ারের শুরুর দিকে নিজেকে রক্ষণে নিযুক্ত রাখত বলে জানান কাপেলো। তবে গত কয়েক বছর ধরে তিনি সেটা করছেন না বলেই মনে করেন ইতালির এই কোচ।

অতীতে সুয়ারেসের রক্ষণে নেমে পড়ার উদাহরণ রয়েছে। ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ঘানার বিপক্ষে দলকে বাঁচাতে গোললাইনে হাত দিয়ে বল ফেরান সুয়ারেস। এর জন্য উরুগুয়ের স্ট্রাইকারকে লাল কার্ডও দেখতে হয়। সেই ম্যাচে সুয়ারেসের হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টিতে গোল করতে পারেনি ঘানা। আর টাইব্রেকারে জিতে সেমি-ফাইনালে ওঠে উরুগুয়ে।

কাপেল্লো অবশ্য ফরোয়ার্ড সুয়ারেসেরও প্রশংসা করেন।

“বার্সেলোনা সত্যিই ভালো শক্তিশালী হয়েছে। সুয়ারেসের মতো একজন খেলোয়াড় আক্রমণে পার্থক্য গড়ে দিতে পারে। সে সবসময়ই বিপজ্জনক।”

২৭ বছর বয়সী সুয়ারেস এ মৌসুমেই লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখান। তবে স্পেনের লা লিগার ক্লাবটির হয়ে এখনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলা হয়নি তার। ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দেয়ার কারণে প্রতিযোগিতামূলক ফুটবলে ৪ মাসের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন তিনি।