রিয়ালে আর্জেন্টিনার রইল না আর কেউ!
এ মৌসুমে আর্জেন্টিনায় রিয়াল মাদ্রিদের সমর্থন কমার আশঙ্কা থাকছে। কারণ গত মাসের শেষ দিকে আনহেল দি মারিয়া ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ায় স্প্যানিশ ক্লাবটির ড্রেসিং রুমে লাতিন আমেরিকার দেশটির কোনো সদস্য নেই। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি এ মৌসুমে আর্জেন্টিনার কোনো ফুটবলারকেও দলে টানেনি।
রিয়ালে আর্জেন্টিনার কোনো খেলোয়াড় না থাকার এমন চিত্র আট বছর পর প্রথম দেখা গেল; দুই দশকের মধ্যে এটা দ্বিতীয় ঘটনা।
চার বছর আগেও ইউরোপের সবচেয়ে সফল দলটির শক্তির অন্যতম উৎস ছিল আর্জেন্টিনার চার খেলোয়াড়- দি মারিয়ার পাশে আরেক মিডফিল্ডার ফের্নান্দো গাগো, ডিফেন্ডার এসেকিয়েল গারায় ও স্ট্রাইকার গনসালো হিগুয়াইন। কিন্তু এখন সান্তিয়াগো বার্নাবেউতে নেই আর্জেন্টিনার কেউ।
রিয়ালে আর্জেন্টিনার ফুটবলারদের আসা শুরু হয় একশ’ বছরের বেশি আগে থেকে। সেই ১৯১১ সালে দুই ভাই সাতেরো ও হোসে ইউলোহিও আরানগুরেনকে দিয়ে শুরু, তারপর থেকে অনেকবার আর্জেন্টিনার ফুটবলারদের দক্ষতায় উপকৃত হয়েছে স্পেনের দলটি।
এ পর্যন্ত আর্জেন্টিনার ২৯ জন ফুটবলার রিয়াল মাদ্রিদে খেলেছেন। যাদের মধ্যে দি মারিয়া শেষ জন হিসেবে ক্লাবটি ছেড়ে গেলেন।
রিয়ালের ইতিহাসের সবচেয়ে সেরা তারকাও একজন আর্জেন্টাইন, আলফ্রেদো দি স্তেফানো। কিংবদন্তি স্তেফানো শুধু ফুটবলার হিসেবেই নয়, রিয়ালের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। তাছাড়া মারা যাওয়ার আগ পর্যন্ত ক্লাবটির সম্মানসূচক সভাপতি ছিলেন তিনি।
রিয়ালে খেলার পর দলটির কোচ হন আর্জেন্টিনার আরেক ফরোয়ার্ড হোর্হে ভালদানো। পরে তিনি রিয়ালের ক্রীড়া পরিচালক এবং প্রধান নির্বাহী হিসেবেও কাজ করেন।
এছাড়া রিয়ালে কখনও না খেললেও দলটির কোচ হয়ে দারুণ সফল হয়েছিলেন আর্জেন্টিনার লুইস কারনিগলিয়া। ১৯৫৭ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত কোচ হিসেবে রিয়ালকে দুইবার ইউরোপ সেরার টুর্নামেন্ট জেতান তিনি।
কিন্তু রিয়ালের লকার-রুম আর সভাকক্ষ, কোনো জায়গাতেই এখন আর আর্জেন্টিনার কেউ নেই।
