মিশুকে হারাল বাংলাদেশ
নির্ভরযোগ্য ডিফেন্ডার আতিকুর রহমান মিশু চোট পাওয়ায় এশিয়ান গেমস শুরুর আগে বড় একটা ধাক্কাই খেল বাংলাদেশ ফুটবল দল।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুশীলনের সময় সতীর্থ জুয়েল রানার সঙ্গে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে গোঁড়ালিতে চোট পান মিশু। গোঁড়ালির স্ক্যান করানো হয়েছে। সপ্তাহ তিন-চার বিশ্রামে থাকতে হবে তাকে। তাই এবারের এশিয়ান গেমস খেলা হচ্ছে না মিশুর। দেশে ফিরে আসতে হচ্ছে তাকে।
১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস। তবে ফুটবল মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বরে। ১৫ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের লড়াই শুরু করবে ক্রুইফের শিষ্যরা। ১৮ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২২ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
