ক্লাসিকোতেই বার্সেলোনা অভিষেক সুয়ারেসের?
বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে লুইস সুয়ারেসের অভিষেকটা অন্য অনেকের চেয়ে যে একটু আলাদা হবে, তা মোটামুটি নিশ্চিত। সব কিছু ঠিক থাকলে মৌসুমের প্রথম 'ক্লাসিকো'তেই অভিষেক হতে পারে উরুগুয়ের এই স্ট্রাইকারের।
স্পেনের পেশাদার লিগ (এলএফপি) কর্তৃপক্ষ বুধবার জানায়, আগামী ২৫ অক্টোবর রিয়াল মাদ্রিদের মাঠে খেলতে যাবে বার্সেলোনা। আর ২৪ অক্টোবর রাতে শেষ হচ্ছে সুয়ারেসের ওপর দেয়া ফিফার চার মাসের নিষেধাজ্ঞা।
ফলে বার্সেলোনার কোচ লুইস এনরিকে চাইলে, রিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সুয়ারেসকে মাঠে নামাতে পারেন। আর তা হলে স্পেনের ক্লাব ফুটবলে ২৭ বছর বয়সী সুয়ারেসের অভিষেকটা স্মরণীয় হয়ে থাকবে। সেই সঙ্গে ওই ম্যাচে সুয়ারেস যদি দারুণ কিছু করে দেখাতে পারেন, তাহলে তো কথাই নেই।
ব্রাজিল বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দেয়ায় সুয়ারেসকে ৪ মাসের জন্য যেকোনো ধরণের ফুটবলে এবং আন্তর্জাতিক নয়টি ম্যাচে নিষিদ্ধ করে ফিফা।
নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে সুয়ারেস আপিল করলেও শাস্তি কমায়নি সংস্থাটি। তবে দলের সঙ্গে অনুশীলন ও অনানুষ্ঠানিক ম্যাচ খেলার অনুমতি পান তিনি।
পরে গত মাসে লিওনের বিপক্ষে বার্সেলোনার হয়ে একটি প্রীতি ম্যাচে অল্প সময়ের জন্যে বদলি হিসেবে মাঠে নামেন সুয়ারেস।
