২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার হারল নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস দলে গাস হিডিঙ্কের দ্বিতীয় অধ্যায়ের শুরুটা একদমই ভালো হলো না। টানা দ্বিতীয় বারের মতো হারল ডাচরা। হিডিঙ্কের দলের এবারের হারটি ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে চেক প্রজাতন্ত্রের কাছে ২-১ গোলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 12:53 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

নিজেদের মাঠে মঙ্গলবার ম্যাচের ২২তম মিনিটেই এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। দলকে এগিয়ে দেয়া গোলটি করেন বোরেক দোককাল।

দ্বিতীয়ার্ধে স্টেফান ডা ভ্রেইয়ের গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস।

ম্যাচের অন্তিম মুহূর্তে ডারিল ইয়ানমাতের ভুলের সুযোগ নিয়ে চেক প্রজাতন্ত্রের জয়সূচক গোলটি করেন ভাকলাভ পিলার।

এর আগে নেদারল্যান্ডসের ১৯৯৮ বিশ্বকাপের কোচ হিডিঙ্ক ডাচ দলে তার দ্বিতীয় অধ্যায়ের শুরুর ম্যাচে গত বৃহস্পতিবার হেরে যান। বারিতে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচটি নেদারল্যান্ডস ২-০ গোলে হারে।

ডাচদের হারের দিনে ইউরো বাছাইয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি, আইসল্যান্ড, সাইপ্রাস, ওয়েলস, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া।

ইতালি নরওয়ে থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে। বসনিয়া-হার্জেগোভিনার মাঠে সাইপ্রাসের জয়টি ২-১ গোলে। বুলগেরিয়ার ২-১ গোলের জয়টিও প্রতিপক্ষ আজারবাইজানের মাঠে।

অ্যান্ডোরা থেকে ওয়েলস জিতে আসে ২-১ গোলে।

আইসল্যান্ড নিজেদের মাঠে তুরস্ককে হারায় ৩-০ গোলে। নিজেদের মাঠে মাল্টার বিপক্ষে ক্রোয়েশিয়ার জয়টি ২-০ ব্যবধানের।