ইকুয়েডরের বিপক্ষে বদলে যাওয়া নেইমার
ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে নিজের আরো পরিণত হওয়ার কথা জানালেন ব্রাজিলের তারকা নেইমার। জানালেন, আগের নেইমার আর এখনকার নেইমারে অনেক পার্থক্য।
নিজের সম্পর্কে নেইমার বলেন, “সাম্প্রতিক সময়ে আমার জীবনে অনেক কিছুই পাল্টে গেছে। গত তিন থেকে চার বছরে আমি অনেক কিছু শিখেছি।”
জাতীয় দলের জার্সিতে মাঠেও কিন্তু আগের চেয়ে দায়িত্ব বেড়েছে নেইমারের। চিয়াগো সিলভার অনুপস্থিতে গত শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অধিনায়কের দায়িত্বে ছিলেন বিশ্বকাপে চারটি গোল করা এই তারকা। শুধু অধিনায়কের আর্মব্যান্ড পরে নয়, ফ্রি কিক থেকে দর্শনীয় জয়সূচক গোল করেও সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।
ইকুয়েডরের বিপক্ষেও দলনেতার দায়িত্বে থাকবেন নেইমার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে হবে ব্রাজিল-ইকুয়েডরের ম্যাচটি।
গত বছর ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। স্পেনের ক্লাবটিতে গত মৌসুমে চোখ জুড়ানো কোনো পারফরম্যান্স করতে না পারলেও দুই জায়গাতেই অনেক কিছু শিখেছেন বলে জানান ২২ বছর বয়সী এই তারকা।
“একজন খেলোয়াড় হিসেবে আমি বড় হয়েছি আর এখন আমি পেশাদার হয়েছি। জাতীয় দল এবং ক্লাবে বড়দের কাছ আমি শিখেছি। আমার মনে হয়, আমি অনেক পাল্টেছি।”
নতুন কোচ দুঙ্গার সঙ্গে মানিয়ে নেয়ার বিষয়েও কথা বলেন নেইমার। তার মতে, সফল হতে হলে দলের সবাইকে কোচের কথা শুনতে হবে, তাকে প্রশ্ন করতে হবে এবং তাদের খেলার উন্নতি করতে হবে।
