২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলরক্ষকের চরম ভুলে জাপানের হতাশা

গোলরক্ষকের চরম ভুলে জয়ের আনন্দে মাঠ ছাড়া হলো না জাপানের। ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে দুই দুইবার এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 10:08 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

জাপানের নিশান স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে দ্বিতীয়ার্ধে ২০ মিনিটের ব্যবধানে গোল চারটি হয়।

মিডফিল্ডার ইওশিনোরি মুতোর গোলে ৫১তম মিনিটে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার সাত মিনিট পরেই গোলটি শোধ করে দেন ভেনেজুয়েলার ফরোয়ার্ড মারিও রোন্দোন।

এর খানিক পর মিডফিল্ডার গাকু শিবাসাকির গোলে আবারো এগিয়ে যায় ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া জাপান। কিন্তু তারপরই চরম ভুলটা করে বসেন জাপানের গোলরক্ষক এইজি কাওয়াশিমা। ডি বক্সের অনেকটা দূর থেকে শট নিয়েছিলেন প্রতিপক্ষের ডিফেন্ডার গাবরিয়েল চিচেরো। শটটা জোরালো হলেও সোজাসুজি হওয়ায় বলটা ধরতে কোনো সমস্যাই ছিল না কাওয়াশিমার। দুই হাত দিয়ে ঠেকিয়েও দিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার হাত পিছলে বল জালে জড়িয়ে যায়।