২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি ফিরছেন শুমাখার

আট মাসেরও বেশি সময় পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মিখায়েল শুমাখার। স্কি দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পাওয়া ফর্মুলা ওয়ানের সাবেক চ্যাম্পিয়ন অবশ্য এখনও পুরোপুরি সুস্থ নন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 08:12 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

জার্মান তারকা শুমাখারের ম্যানেজার জানিয়েছেন, এই তারকার পরবর্তী চিকিৎসা তার বাড়িতেই হবে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে শুমাখারের সামনে এখনও কঠিন ও দীর্ঘ পথ অপেক্ষা করছে।

গত ২৯ ডিসেম্বর ফ্রেঞ্চ আল্পসে ছেলে ও বন্ধুদের নিয়ে স্কি করার সময় দুর্ঘটনায় পড়েন শুমাখার। হেলমেট পরা থাকলেও পাথরে মাথা সজোরে ধাক্কা খেয়ে জ্ঞান হারান তিনি।

মস্তিষ্কে রক্তক্ষরণের পর দীর্ঘদিন কোমায় ছিলেন ফর্মুলা ওয়ানে সাতটি শিরোপা জেতা এই তারকা।

দীর্ঘদিন ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসার পর গত জুনে সুইজারল্যান্ডের একটি হাসপাতালে শুমাখারকে নেয়া হয়। তারপর থেকে ওখানেই তার চিকিৎসা চলছিল।

ফর্মুলা ওয়ানের সবচেয়ে সফল চালক শুমাখার রেকর্ড ৯১ বার রেস জিতেছেন।

ইতালির দল ফেরারির হয়ে ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত টানা পাঁচবার ফর্মুলা ওয়ানের শিরোপা জিতেছেন তিনি। ২০০৬ সালে ফেরারি থেকে অবসর নেয়ার পর আবার মার্সিডিসের হয়ে ফিরে এসেছিলেন শুমাখার। তবে তিন বছর তেমন কোনো সাফল্য না পাওয়ার পর গত বছর চূড়ান্ত অবসরে যান জার্মান এই তারকা।