সহজ জয়ে শুরু শিরোপাধারী স্পেনের
প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে স্পেন। মেসিডোনিয়ার বিপক্ষে সহজ জয় দিয়ে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শুরু করেছে শিরোপাধারীরা।
ভালেন্সিয়ায় ‘সি’ গ্রুপের খেলায় মেসিডোনিয়ার বিপক্ষে ৫-১ গোলের জয়ে সের্হিও রামোস, পেকো আলকাসের, সের্হিও বুসকেতস, দাভিদ সিলভা ও পেদ্রো রদ্রিগেস একটি করে গোল করেন। মেসিডোনিয়ার পক্ষে ব্যবধান কমানো গোলটি করেন আজিম ইব্রাহিমি।
সোমবার প্রথম সুযোগটি পেয়েছিল মেসিডোনিয়া। ইব্রাহিমির ফ্রি-কিক দারুণ দক্ষতায় ব্যর্থ করে দিয়ে স্পেনের ত্রাতা গোলরক্ষক ইকের কাসিয়াস।
১৫তম মিনিটে রামোসের সফল পেনাল্টি থেকে এগিয়ে যায় স্পেন। দানিয়েল মজসভের ফাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে কোনো ভুল করেননি রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার।
দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পাওয়া আলকাসের। হুয়ানফ্রানের পাস থেকে লক্ষ্যভেদ করতে কোনো সমস্যা হয়নি ভালেন্সিয়া ফরোয়ার্ডের।
২৮তম মিনিটে ইব্রাহিমির সফল পেনাল্টি থেকে ব্যবধান কমায় মেসিডোনিয়া। হুয়ানফ্রান ডি বক্সে স্তেফান রাজকোভস্কিকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল বড় কোনো টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলতে না পারা দলটি।
মেসিডোনিয়া ব্যবধান কমানোর পর আক্রমণের ধার বাড়ায় স্পেন। এসময় গোলের অন্তত পাঁচটি সুযোগ হাতছাড়া করেন পেদ্রো, আলকাসের, সিলভারা।
তবে বুসকেতসের গোলে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ায় স্পেন। বার্সেলোনা মিডফিল্ডারের শট অতিথি দলের একজনের গায়ে লেগে জালে জড়ালে আবার দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই স্পেনের ওপর চাপ তৈরির চেষ্টা করে মেসিডোনিয়া। তবে তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে পাল্টা আক্রমণে যায় স্পেন। তাতেই আসে চতুর্থ গোলটি।
৫০তম মিনিটে জর্দি আলবার পাস থেকে মেসিডোনিয়ার জাল খুঁজে নেন ম্যানচেস্টার সিটি তারকা সিলভা। আট মিনিট পর সেস ফেব্রেগাসের শট ক্রসবারে লেগে ফিরলে হতাশ হতে হয় চেলসি মিডফিল্ডারকে।
৪-১ গোলে এগিয়ে যাওয়ার পরও মেসিডোনিয়ার রক্ষণভাগের ওপর চাপ ধরে রাখে স্পেন। তার ফল হিসেবে যোগ করা সময়ে পঞ্চম গোলটি পেয়ে যায় তারা। এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন পেদ্রো।
‘সি’ গ্রুপের অন্য খেলায় ইউক্রেনকে ১-০ গোলে হারিয়েছে স্লোভাকিয়া। আর লাক্সেমবার্গের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বেলারুশ।
