ফুটবলেও আসছে রেফারেল!
রেফারেলের পদ্ধতির সঙ্গে ক্রিকেটের পরিচয় অনেক আগেই হয়েছে। এবার ফুটবলেও এটা আসতে পারে বলে জানিয়েছেন জেপ ব্লাটার। টেলিভিশন রিপ্লে থাকলে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে কোচরা চ্যালেঞ্জ জানাতে পারবেন বলে মনে করেন ফিফা সভাপতি।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদের অধিকারী ব্লাটার চান প্রতি অর্ধে কোচেরা রেফারির অন্তত একটি সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারুক।
"এক অর্ধে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের এক বা দুটি চ্যালেঞ্জ জানানোর অধিকার থাকা উচিৎ। কিন্তু এটা হতে হবে খেলা যখন বন্ধ থাকবে তখন।"
ফুটবলের রেফারেল পদ্ধতিটা ক্রিকেটের মতো ‘থার্ড আম্পায়ার’ এর মাধ্যমে হওয়ার পক্ষে নন ব্লাটার। মনিটরে রেফারি এবং চ্যালেঞ্জ জানানো কোচই শুধু থাকবেন বলে জানান তিনি।
ম্যানচেস্টারের সকারেক্সে ভিডিও লিংকের মাধ্যমে কথা বলার সময় ৭৮ বছর বয়সী ব্লাটার আবার ফিফার সভাপতি পদে নির্বাচন করার ইচ্ছার বিষয়টিও জানান।
