হিমিনেসের হেডে জিতল উরুগুয়ে
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে উরুগুয়ে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ডিফেন্ডার হোসে হিমিনেস।
নিজেদের মাঠে উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করে দক্ষিণ কোরিয়া। তবে তা থেকে গোল করতে পারেননি ফরোয়ার্ডরা।
সুযোগ নষ্ট করার মূল্য দিতে হয় এশিয়ার দেশটিকে। ম্যাচের ৬৮তম মিনিটে পিছিয়ে পড়ে তারা। ঘরের দর্শকদের স্তব্ধ করে দারুণ এক হেডে উরুগুয়েকে এগিয়ে দেয়া গোলটি করেন হিমিনেস।
খেলার সুযোগ থাকলেও এ ম্যাচে ছিলেন না উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস।
বিশ্বকাপের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির ডিফেন্ডারকে জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সুয়ারেস। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত শাস্তি কমিয়ে প্রীতি ম্যাচ খেলার সুযোগ করে দেয় তাকে। কিন্তু কোচ লুইস তাবারেস বার্সেলোনার এই স্ট্রাইকারকে দলে রাখেননি।
