ব্রাজিল দলে ডাক পেয়ে বিস্মিত ফাবিনিয়ো
দুঙ্গার ব্রাজিল দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী মোনাকোর ফুল ব্যাক ফাবিনিয়ো। ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে ডাক পাওয়ার পর নিজের বিস্ময়ের কথা আর চেপে রাখতে পারেননি ব্রাজিল অনূর্ধ্ব-২১ দলে খেলা এই ডিফেন্ডার।
জাতীয় দলে ডাক পাওয়ার বিষয়টি যেন বিশ্বাসই করতে পারছিলেন ফাবিনিয়ো।
“এটা আমার কাছে বিস্ময় হয়ে এসেছে। জাতীয় দলে আমার প্রথম ডাক পাওয়াটা অসাধারণ ব্যাপার।”
ব্রাজিল দলে ডাক পাওয়ার খবরটি অনূর্ধ্ব-২১ দলে বসেই পান ফাবিনিয়ো। খবরটি পাওয়ার সময় তার সঙ্গে থাকা কেউই প্রথমে বিশ্বাস করতে পারেননি বলে জানান তিনি।
“তারা যখন আমাকে বলল, তখন আমি অন্যদের সঙ্গে ভিডিও গেমস খেলছিলাম। কেউই খবরটা বিশ্বাস করতে পারেনি।”
হঠাৎ করে ফাবিনিয়োকে দলে ডাকার কোনো ব্যাখ্যা দেয়নি ব্রাজিলের ফুটবল কনফেডারেশন। তবে দেশটির গণমাধ্যমের খবর, শৃঙ্খলাভঙ্গের কারণে মাইকনকে দেশে ফেরত পাঠানো হয়।
ব্রাজিল দলে দ্বিতীয় অধ্যায়ের শুরুটা জয় দিয়েই হয় দুঙ্গার। গত শুক্রবার কলম্বিয়াকে ১-০ গোলে হারায় তার দল।
