২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্ধবীকে হারিয়ে ইউএস ওপেন সেরেনার

বান্ধবী ক্যারোলিন ওজনিয়াকিকে সহজেই হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতে নিলেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 12:28 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

ক্যারিয়ারে ১৮তম গ্র্যান্ড স্ল্যাম জিতে মেয়েদের টেনিসে বিশ্বের এক নম্বর এই খেলোয়াড় বসলেন মার্তিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্টের পাশে। ট্রফি আর ৪০ লাখ ডলারের প্রাইজমানি নেয়ার সময় টেনিসের এই দুই কিংবদন্তিও তার পাশে ছিলেন।

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোতে রোববার ডেনমার্কের ওজনিয়াকিকে ৬-৩, ৬-৩ গেমে হারান উইলিয়ামস পরিবারের ছোটো মেয়ে সেরেনা।

এটি ইউএস ওপেনে ৩২ বছর বয়সী সেরেনার টানা তৃতীয় শিরোপা। আর সবমিলিয়ে তিনি ছয়বার জিতেছেন এখানে। ১৫ বছর আগে এই ইউএস ওপেন জিতেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছিলেন সেরেনা। ইউএস ওপেনে খেলতে আসার আগে এ বছর কোনো গ্র্যান্ড স্ল্যামেরই কোয়ার্টার-ফাইনালে উঠতে পারেননি সেরেনা। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয়ে তাই আনন্দে ভাসছেন তিনি। “এটা এর চেয়ে ভালোভাবে শেষ করা যেত না। এখানে জিততে পারাটা আমার জন্য আনন্দের। আমি সত্যিই আবেগে ভেসে যাচ্ছি।” ঘনিষ্ঠ বান্ধবীকে অভিনন্দন জানিয়েছেন প্রতিপক্ষ ওজনিয়াকিও। “সে আমার চেয়ে ভালো খেলেছে। জয়টা তারই প্রাপ্য।”