রিবেরিকে নিষিদ্ধ করার দাবি প্লাতিনির
কোচের ডাকে সাড়া না দিয়ে জাতীয় দল থেকে ফ্রাঙ্ক রিবেরির অবসরের সিদ্ধান্তে বেজায় ক্ষেপেছেন মিশেল প্লাতিনি। বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড়কে শাস্তি দেয়ার জন্যে ফিফাকে প্রস্তাব দিয়েছেন তিনি।
উয়েফা সভাপতির মতে, জাতীয় দলের প্রয়োজনে সাড়া না দেয়ায় রিবেরিকে ক্লাব ফুটবলে তিন ম্যাচ নিষিদ্ধ করা উচিত। ফিফার আইনে শাস্তির এ রকম ধারা আছে বলেও জানান সাবেক ফরাসি এই তারকা ফুটবলার।
পরিবার ও ক্লাব বায়ার্ন মিউনিখকে আরো সময় দিতে গত মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩১ বছর বয়সী রিবেরি। চোটের কারণে ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারেননি ফরাসি এই ফরোয়ার্ড।
একজন খেলোয়াড় দেশের হয়ে খেলবে কি না, সিদ্ধান্তটা নেয়ার অধিকার শুধু ওই দেশের জাতীয় দলের কোচের আছে বলে মনে করেন প্লাতিনি।
"ফ্রান্সের হয়ে খেলবে কি খেলবে না, সিদ্ধান্তটা কিছুতেই ফ্রাঙ্ক (রিবেরি) নিতে পারে না। কোচ দিদিয়ের দেশম ডাকলে অবশ্যই তাকে জাতীয় দলে আসতে হবে।"
তাছাড়া ২০১৬ সালে ফ্রান্সে বসবে ইউরোর আগামী আসর। দেশের মাটিতে ওই প্রতিযোগিতায় রিবেরির না খেলার সিদ্ধান্তটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না প্লাতিনি।
