বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে চমক নাভ্রাতিলোভার
জাপানের কেই নিশিকোরির কাছে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচের হারের ধাক্কা তখনও সামলে উঠতে পারেনি দর্শকরা। এরই মধ্যে আর্থার অ্যাশ স্টেডিয়ামে সবাইকে চমকে দিলেন ১৮টি গ্র্যান্ড স্ল্যামজয়ী মার্তিনা নার্ভাতিলোভা। বড় পর্দায় দীর্ঘদিনের বান্ধবী জুলিয়া লেমিগোভাকে বিয়ের প্রস্তাব দেন তিনি।
ইউএস ওপেনের সেমি-ফাইনালে জোকোভিচের বিদায়ের পরই বিয়ের প্রস্তাব দেয়ার সময়টা বেছে নেন চেক প্রজাতন্ত্রের এই সাবেক তারকা।
'তুমি আমাকে বিয়ে করবে' - স্টেডিয়ামের বড় পর্দায় সাবেক টেনিস তারকা নাভ্রাতিলোভার এ প্রস্তাব শুনে আনন্দের সঙ্গে রাজি হয়ে যান জুলিয়া।
নাভ্রাতিলোভা ঘোষণায় বলেন, "আমি জুলিয়াকে বিয়ের প্রস্তাব দেয়ার ঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আমি মনে করেছি, এটা ছিল প্রশ্নটা তোলার সঠিক সময় ও সঠিক স্থান। ভাগ্যিস আমি উত্তরে 'হ্যাঁ' পেয়েছি।"
