২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিলয়ের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন বাংলাদেশ

হাসান জুবায়ের নিলয়ের দারুণ হ্যাটট্রিকে হংকংকে হারিয়ে হকি ওয়ার্ল্ড লিগের প্রথম পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববারের ম্যাচে হংকংকে ৩-১ গোলে হারিয়েছে নাভিদ আলমের ছাত্ররা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 05:40 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

প্রথম পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

গত আসরেও প্রথম পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০১৫ সালের ১৭ জানুয়ারি শুরু হবে হকি ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় পর্বের খেলা।

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ২৯তম মিনিটে পুস্কর খীসা মিমোর রিভার্স হিটে নিলয় বাংলাদেশকে এগিয়ে দেন।

৫০তম মিনিটে পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। মিমোর পুশ সারোয়ার স্টপ করার পর হিট করেন অধিনায়ক মামুনুর রহমান চয়ন। তবে চয়নের হিট নিয়ন্ত্রণে নিয়ে হংকংয়ের জালে বল পাঠিয়ে দেন নিলয়।

পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান হংকং অধিনায়ক চান কো হো।

অতিথি দলের ব্যবধান কমানোর স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৪তম মিনিটে ব্যক্তিগত হ্যাটট্রিক তুলে নেন নিলয়। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন তিনি। বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।

আন্তর্জাতিক ম্যাচে এটাই নিলয়ের প্রথম হ্যাটট্রিক। তবে নিজের হ্যাটট্রিকের আনন্দের চেয়ে দলের জয়টা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

“হ্যাটট্রিক পাওয়ায় অবশ্যই ভালো লাগছে। তবে আমার কাছে দলের জয়টাই গুরুত্বপূর্ণ।”