টেনিস বিশ্বকে চমকে দেয়া দিন
টুর্নামেন্ট শুরুর আগে কে ভেবেছিল, এবারের ইউএস ওপেনের ফাইনাল খেলবে দশম আর চতুর্দশ বাছাই। অকল্পনীয় ওই ঘটনাই এবার সত্য হতে চলেছে, এক দিনের জোড়া অঘটনে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার।
শীর্ষ বাছাই জোকোভিচেকে বিদায় করেছেন দশম বাছাই জাপানের কেই নিশিকোরি। আর রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরারকে হারিয়ে চমক দেখিয়েছেন চতুর্দশ বাছাই ক্রোয়েশিয়ার মারিন সিলিচ।
শনিবার প্রথম সেমি-ফাইনালে ২ ঘণ্টা ৫৩ মিনিটের লড়াইয়ে সার্বিয়ার জোকোভিচকে ৬-৪, ১-৬, ৭-৬, ৬-৩ গেমে হারান দশম বাছাই নিশিকোরি।
এই প্রথম এশিয়ার কোনো পুরুষ খেলোয়াড় টেনিস গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন।
ওই অঘটনের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরো বড় চমক। সিলিচের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধও গড়তে পাররেননি সুইজারল্যান্ডের ফেদেরার। ১ ঘণ্টা ৪৬ মিনিটের লড়াইয়ে সিলিচ জেতেন ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে।
মাদক নেয়ার অপরাধে নিষেধাজ্ঞার কারণে বছরের শেষ এই গ্র্যান্ড স্ল্যামের গত আসরে খেলতেই পারেননি সিলিচ।
