২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমসে তিন পদকের আশা

এশিয়ান গেমসের এবারের আসরে তিন ইভেন্টে পদক জয়ের আশায় দক্ষিণ কোরিয়া যাচ্ছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 08:45 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে ক্রিকেটে পুরুষ ও মহিলা বিভাগ এবং মহিলা কাবাডি থেকে পদক পাওয়ার আশা প্রকাশ করেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

“শুটিং ও আর্চারি বরাবরই সম্ভাবনাময়। নিজেদের দিনে শুটার ও আর্চাররাও পারেন সাফল্য তুলে নিতে। তবে পুরুষ ও মহিলা ক্রিকেট এবং কাবাডি (মহিলা)-এই তিনটি ইভেন্টে পদক পাওয়ার প্রত্যাশা নিয়ে যাচ্ছি আমরা।”

দক্ষিণ কোরিয়ার ইনচনে ১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমসের এবারের আসর।

প্রতিযোগিতায় বাংলাদেশ মোট ১৩টি ইভেন্টে অংশ নেবে। ইভেন্টেগুলো হচ্ছে আর্চারি, ফেন্সিং, গলফ, কারাতে, তায়কোয়ানদো, বিচ ভলিবল, উশু, শুটিং, ক্রিকেট (পুরুষ ও মহিলা), কাবাডি (পুরুষ ও মহিলা), হকি, ফুটবল এবং শেষ মুহূর্তে যোগ হওয়া জিমন্যাস্টিকস।

২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে প্রথমবারের মতো অন্তর্ভূক্ত হয় ক্রিকেট। ওই আসরে ক্রিকেট থেকে বাংলাদেশ পুরুষ দল সোনা জিতেছিল। মহিলা ক্রিকেট দল পেয়েছিল রূপা। সেবার মহিলা কাবাডি দল জেতে ব্রোঞ্জ পদক।

৩টি রূপা ও ৩টি ব্রোঞ্জ মিলিয়ে কাবাডি থেকে এ পর্যন্ত ৬টি পদক পেয়েছে বাংলাদেশ। ৫টি পদক জিতেছে পুরুষ দল, ১টি মহিলা দলের।

তবে এবার কঠিন গ্রুপে পড়ায় কাবাডি (পুরুষ দল) থেকে পদকের আশা খুব একটা নেই বাংলাদেশের।

কাবাডি ইভেন্টে এবার বাংলাদেশের গ্রুপে আছে শক্তিশালী ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড। গ্রুপের দিকে তাকিয়েই বিওএ মহাসচিব আশাবাদী হতে পারছেন না।

এবারই প্রথম এশিয়ান গেমসে সাঁতার ও অ্যাথলেটিকস ইভেন্টে অংশ নিচ্ছে না বাংলাদেশ। সর্বশেষ কমনওয়েলথ গেসমে ব্যর্থতার কারণে বাদ গেছে এই দুটি আকর্ষণীয় ইভেন্ট।