ফাইনালে ওজনিয়াকির বাধা বান্ধবী সেরেনা
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ইউএস ওপেনের ফাইনাল খেলতে নামবেন কারোলিন ওজনিয়াকি। মেয়েদের এককে বিশ্বের সাবেক এক নম্বর তারকার এই স্বপ্ন অর্জনের বাধা তার ঘনিষ্ঠ বান্ধবী সেরেনা উইলিয়ামস।
ফ্লাশিং মিডোতে শুক্রবার সেমি-ফাইনালে টুর্নামেন্টের শীর্ষ বাছাই এবং বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উড়িয়ে দেন রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে। উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে শেষ চারের ম্যাচটি জেতেন ৬-১, ৬-৩ গেমে।
ওজনিয়াকি ফাইনালে ওঠেন চীনের পেং শুয়াই ম্যাচ ছেড়ে দেয়ার পর। তার আগে অবশ্য এগিয়েই ছিলেন ডেনমার্কের তারকা। প্রথম সেট ৭-৬ গেমে জেতেন। আর পেং অসুস্থ হয়ে হুইলচেয়ারে মাঠ ছাড়ার আগে দ্বিতীয় সেটেও ৪-৩ গেমে এগিয়ে ছিলেন ওজনিয়াকি।
সেরেনার দেশে ইউএস ওপেন খেলতে এসেই বান্ধবীর সঙ্গে ফাইনাল নিয়ে কথা বলেন ওজনিয়াকি।
“সে আমার ভালো বান্ধবী। টুর্নামেন্ট শুরুর পর আমরা বলাবলি করছিলাম, ‘ড্রতে আমরা বিপরীত দিকে আছি, তাই আশা করছি ফাইনালে আমাদের দেখা হতে পারে। এটা হলে দারুণ হবে’।”
