অবশেষে মেক্সিকোর ক্লাবে রোনালদিনিয়ো
ভারতের সুপার লিগের দল থেকে ইংল্যান্ডের ষষ্ঠ বিভাগের ক্লাব; নতুন ঠিকানায় রোনালদিনিয়োর যাওয়া নিয়ে অনেক আলোচনাই হয়েছে। সব গুঞ্জন চাপা দিয়ে ব্রাজিলের সাবেক তারকা নাম লিখিয়েছেন মেক্সিকোর প্রথম বিভাগের ক্লাব কেরেতারোতে।
বার্সেলোনা ও এসি মিলানের সাবেক তারকা জুলাই মাসে ব্রাজিলের ক্লাব আতলেতিকো মিনেইরোর সঙ্গে চুক্তি বাতিল করে মুক্ত খেলোয়াড় হয়ে যান। তখন থেকেই মনমতো ক্লাব খুঁজছিলেন তিনি।
রোনালদিনিয়োকে দলে পেয়ে দারুণ খুশি মেক্সিকোর ক্লাবটি। দুই বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করার পর ‘গ্যালোস’ (মোরগ) নামে পরিচিত ক্লাবটি এক বিবৃতিতে তাদের আনন্দের কথা জানায়।
মেক্সিকোতে পা রাখতে পেরে রোনালদিনিয়োও খুশি। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী ৩৪ বছর বয়সী রোনালদিনিয়ো তার আনন্দের কথা টুইটারে জানান।
“মেক্সিকোতে আমি সবসময়ই ভালোবাসার সঙ্গে অভ্যর্থনা পেয়েছি। কেরেতারোর হয়ে খেলতে পারব বলে আমি খুব অনুপ্রাণিত।”
লিগা এমএক্সে এই মুহূর্তে অষ্টম স্থানে থাকা দলটিতে নিজের সৌভাগ্যের ৪৯ নম্বর জার্সি পড়ে খেলবেন রোনালদিনিয়ো।
