নেইমারের নৈপুণ্যে ব্রাজিলের জয়
ফিরে এসেছিল সেই ব্রাজিল বিশ্বকাপের স্মৃতি। কলম্বিয়ার ডিফেন্ডারদের একের পর এক ফাউলে মাটিতে লুটিয়ে পড়ছিলেন নেইমার। তবে কোনোভাবেই দমিয়ে রাখা যায়নি তাকে। ম্যাচের শেষের দিকে অসাধারণ এক গোল করে ব্রাজিলকে দারুণ এক জয় এনে দিয়েছেন বার্সেলোনার এই তারকা।
মায়ামির সান লাইফ স্টেডিয়ামে শুক্রবার রাতে (বাংলাদেশ সময় শনিবার সকালে) নেইমারের এই একমাত্র গোলেই কলম্বিয়াকে হারায় নিজের দেশের বিশ্বকাপে সমর্থকদের হতাশ করা ব্রাজিল। আর দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের দায়িত্বে এসে প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেন দুঙ্গা।
বিশ্বকাপ দুঃস্বপ্ন ভুলে নতুন যুগের সূচনাটা স্মরণীয় করে রাখার লক্ষ্য ছিল ব্রাজিলের। আর তেতে থাকা কলম্বিয়ার লক্ষ্য ছিল বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনালে হারের ‘প্রতিশোধ’। তাই প্রীতি ম্যাচেও ছিল উত্তেজনা। ফাউল হলে দুই দলের খেলোয়াড়দের বাড়তি প্রতিক্রিয়াতেই বোঝা যাচ্ছিল তা।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণ করে খেললেও প্রথমার্ধে গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো পক্ষই। ৩৩তম মিনিটে অস্কারের একটি শট গোলপাস্টের পাশ দিয়ে চলে যায়। পাঁচ মিনিট পর হুয়ান কামিলো সুনিগার জোরালো শট ক্রসবারের একটু ওপর দিয়ে চলে যায়।
বিরতির সাত মিনিট আগে এগিয়ে যেতে পারত ব্রাজিল। কিন্তু উইলিয়ানের পাস থেকে অস্কারের দুর্বল শটটি লক্ষ্যে ছিল না।
তবে দুই দলের মধ্যেই ছিল ফাউল করে খেলার প্রবনতা। প্রথমার্ধেই রেফারির পকেট থেকে ছয়বার বের হয় হলুদ কার্ড যার চারটিই দেখেন কলম্বিয়ার খেলোয়াড়রা।
ব্রাজিলের সেরা তারকা নেইমারকে রুখতে অনেকবারই ফাউল করেন কলম্বিয়ার ডিফেন্ডাররা। এর মধ্যে ৩৯তম মিনিটে নেইমারকে বাজেভাবে ফাউল করে হলুদ কার্ড দেখেন হুয়ান সুনিগা। ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পিঠে হাঁটু দিয়ে গুতো মেরে নেইমারের বিশ্বকাপ শেষ করে দিয়েছিলেন কলম্বিয়ার এই ডিফেন্ডারই।
