২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসকে ছাড়াই উরুগুয়ের জয়

দলের সেরা তারকা লুইস সুয়ারেস না থাকলেও জিততে কোনো সমস্যা হয়নি উরুগুয়ের। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানকে ২-০ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার দেশটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 10:30 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে উরুগুয়ে ছিটকে পড়ার পর এটাই ছিল তাদের প্রথম ম্যাচ।

জাপানের মাটিতে শুক্রবার উরুগুয়ের পক্ষে গোল দুটি করেন দুই স্ট্রাইকার এদিনসন কাভানি ও আবেল হার্নান্দেস।

৩৪তম মিনিটে পিএসজির কাভানি এবং ৭১তম মিনিটে বদলি হিসেবে নেমে হাল সিটির আবেল হার্নান্দেস লক্ষ্যভেদ করেন।

অন্য ম্যাচে ভেনিজুয়েলাকে ৩-১ গোলে হারায় দক্ষিণ কোরিয়া।

বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দেয়ায় সুয়ারেসকে যেকোনো ধরণের ফুটবলে চার মাস ও আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচ নিষিদ্ধ করে ফিফা। পরে সুয়ারেসের আপিলের প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালত পুরনো শাস্তি বহাল রাখলেও তারকা এই স্ট্রাইকারকে 'অনানুষ্ঠানিক' ম্যাচ খেলার অনুমতি দেয় সংস্থাটি।

ফলে জাপানের বিপক্ষে খেলতে কোনো সমস্যা ছিল না বার্সেলোনার ওই তারকার। কিন্তু যথেষ্ট ম্যাচ অনুশীলনের অভাবের কারণেই হয়ত তাকে ছাড়াই দল গঠন করেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেস।

আগামী সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও খেলবেন না সুয়ারেস।