ওমেগা মাস্টার্স থেকে সরে দাঁড়ালেন সিদ্দিকুর
চোটের কারণে প্রথম রাউন্ড খেলেই সুইজারল্যান্ডের ওমেগা ইউরোপিয়ান মাস্টার্স থেকে সরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর রহমান।
শুক্রবার নিজের ওয়েবসাইটে বাংলাদেশের সেরা এই গলফার জানান, পিঠে প্রচণ্ড ব্যথার কারণে সরে দাঁড়াতে বাধ্য হযেছেন তিনি।
বিবৃতিতে বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার বলেন, “গতকাল (বৃহস্পতিবার) ব্যথা নিয়েই আমি খেলা চালিয়ে যাই। কিন্তু আজ আর পারলাম না।”
এখন তার চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন সিদ্দিকুর। দ্রুত সেরে উঠতে সবার দোয়া চেয়েছেন তিনি।
প্রথম রাউন্ডে সিদ্দিকুরের পারফরম্যান্স একদমই ভালো হয়নি। পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে যৌথভাবে ১৪৫তম স্থানে ছিলেন তিনি।
