২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়া ম্যাচে ব্রাজিলের নতুন শুরু?

বিশ্বকাপ দুঃস্বপ্ন ভুলে নতুন যুগের সূচনা চায় ব্রাজিল। আর তেতে থাকা কলম্বিয়ার লক্ষ্য ‘প্রতিশোধ’। তাই প্রীতি ম্যাচেও থাকছে রোমাঞ্চকর লড়াইয়ের প্রতিশ্রুতি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 08:18 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

মায়ামিতে শুক্রবার রাতে (বাংলাদেশ সময় শনিবার সকালে) কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ২০১০ বিশ্বকাপে ব্রাজিলের কোচ দুঙ্গার দ্বিতীয় অধ্যায়ের এটাই হবে প্রথম পরীক্ষা। বাংলাদেশ সময় ভোর সাতটায় খেলা শুরু হবে।

সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়া ব্রাজিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারে। তারপরই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো লুইস ফেলিপে স্কলারির জায়গায় আসেন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা দুঙ্গা।

২০০৬ থেকে ২০১০ সালের বিশ্বকাপ পর্যন্ত প্রথম মেয়াদে কোচ হিসেবে রক্ষণাত্মক ফুটবল খেলানোর জন্যে সমালোচিত হয়েছিলেন দুঙ্গা। এবার অবশ্য দায়িত্ব পেয়েই সুন্দর ফুটবলের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ফুটবলপ্রেমীদের সে প্রত্যাশা পূরণ হবে কি না, তার প্রথম ঝলক মায়ামিতেই দেখা মিলতে পারে।

দায়িত্বে ফিরেই দলে ব্যাপক রদবদল করেন দুঙ্গা। বিশ্বকাপ দলের মাত্র ১০ জনকে রেখেছেন তিনি।

চোটের কারণে খেলতে পারছেন না অধিনায়ক চিয়াগো সিলভা। তার অনুপস্থিতে নেইমারকে অধিনায়ক করেছেন দুঙ্গা। এছাড়া বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া রবিনিয়োকে রেখেছেন কোচ।

ম্যাচটি আবার দলটির সেরা তারকা নেইমারকে একটু স্মৃতিকাতর করে তুলতে পারে। কারণ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে এই প্রতিপক্ষের বিপক্ষেই মেরুদণ্ডের কশেরুকার চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন তিনি।

কলম্বিয়ার জন্য ম্যাচটা প্রতিশোধের; ব্রাজিলের কাছে হেরেই তো বিশ্বকাপের পথচলা শেষ হয়ে গিয়েছিল হামেস রদ্রিগেসদের।

আর এই ম্যাচে দলের সেরা স্ট্রাইকার রাদামেল ফালকাওকে ফিরে পাচ্ছে কলম্বিয়া।