আজেন্টিনা-হতাশার পর জার্মান দলে সিডনি সাম
আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের হার ইউরো বাছাইয়ের আগে দুশ্চিন্তায়ই ফেলেছে জার্মানির কোচ ইওয়াখিম লুভকে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য আক্রমণভাগের গতি বাড়াতে সিডনি সামকে দলে ডাকলেন তিনি।
বুধবার নিজেদের মাঠ ডুসেলডর্ফে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হারা ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে গতির অভাব ছিল। রক্ষণেও বেশ কিছু ভুল করে তারা।
স্কটল্যান্ডের বিপক্ষে ডর্টমুন্ডে রোববারের ইউরো বাছাইয়ের ম্যাচের জন্য অবশ্য আক্রমণভাগটাকেই শক্তিশালী করার কথা ভাবলেন লুভ। এ কারণেই তিনি দলে নেন শালকে জিরো ফোরের গতিশীল ফরোয়ার্ড সামকে।
এই ম্যাচে খেলতে পারবেন না বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, মেসুত ওজিল আর মাটস হুমেলস।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে একমাত্র স্ট্রাইকার হিসেবে জার্মানি দলে খেলেন চোটের কারণে বিশ্বকাপ খেলতে না পারা মারিও গোমেস। তবে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন তিনি। এ কারণে ঘরের মাঠে সমর্থকদের দুয়োও শুনতে হয় তাকে।
