ইব্রাহিমোভিচের অনন্য রেকর্ড
দেশের হয়ে একের পর এক গোল করেই যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করে সুইডেনকে জেতানোর পাশাপাশি দেশের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন পিএসজির এই স্ট্রাইকার। ভেঙেছেন ৮২ বছর ধরে টিকে থাকা রেকর্ডটি।
সুইডেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ইব্রাহিমোভিচের গোল এখন ৫০টি, খেলেছেন ৯৯টি ম্যাচ।
বৃহস্পতিবার রাতে সোলনায় ইব্রাহিমোভিচের দুই গোলেই এস্তোনিয়াকে হারায় সুইডেন। ম্যাচের তিন মিনিটের মধ্যেই কর্নার থেকে বাঁ-পায়ের ভলিতে দলকে এগিয়ে নেন তিনি। ২৪তম মিনিটে ব্যাকহিলে করেন দ্বিতীয় গোলটি। এই গোলেই স্ভেন রিডেলের ৮২ বছরে ধর টিকে থাকা রেকর্ডটি ভেঙে যায়।
৪৯ গোল করার রিডেলের জাতীয় রেকর্ড টিকে ছিল সেই ১৯৩২ সাল থেকে।
অথচ গলার সমস্যার কারণে ম্যাচটি খেলা নিয়েই সন্দেহ ছিল আয়াক্স, ইউভেন্তুস, ইন্টার মিলান ও বার্সেলোনার হয়ে খেলা ৩২ বছর বয়সী ইব্রাহিমোভিচের।
কিন্তু খেলতে নেমে রেকর্ড গড়েই মাঠ ছাড়েন ইব্রাহিমোভিচ। আর ম্যাচ শুরু প্রায় এক ঘণ্টা পর মাঠ ছাড়ার সময় দর্শকদের প্রাণঢালা অভিনন্দন সঙ্গী হয় তার।
