২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের কাছে স্পেনের হার

দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ে জিতেছে ফ্রান্স। স্পেনের বিপক্ষে মাচের একমাত্র গোলটি করেছেন লোইক রেমি।।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 03:27 AM

Updated : 13 Oct 2022, 12:32 PM

বিশ্বকাপের আগে ফ্রান্সকে নিয়ে কেউ স্বপ্ন না দেখলেও ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতায় নিজেদের ছাপ রেখেছিল দলটি। উন্নতির সেই ধারাতেই আছে দলটি।

বৃহস্পতিবার স্তাদ দি ফ্রান্সে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ১-০ গোলে হারিয়েছে তারা।

প্রথমার্ধ অন্তত দুবার স্পেনের ত্রাতা দাভিদ দে হেয়া। নবম মিনিটে করিম বেনজামার শট ফেরান ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলরক্ষক। প্রথমার্ধের শেষ দিকেও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে হতাশ করেন তিনি।

দ্বিতীয়ার্রে ৬৫ মিনিটে ভালবুয়েনার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় স্পেন। তবে বেশিকক্ষণ তাদের স্বস্তি টেকেনি। দলীয় প্রচেষ্টার এক গোলে এগিয়ে যায় ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

বেনজামার ফ্লিক খুঁজে পায় ভালবুয়েনাকে। তার বুদ্ধিদীপ্ত পাসে বক্সের ঠিক ভেতরে থেকে বল জালে পাঠিয়ে দেন রেমি।

৮৪তম মিনিটে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করে স্পেন। বিপজ্জনক জায়গায় বল পেয়েও বাইরে মারেন দাভিদ সিলভা। বাকি সময়টুকুতে দুই দলই গোলের অনেক চেষ্টা করলেও তার কোনোটিতে থেকে সাফল্য আসেনি।