২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে হারিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশ দলের

এশিয়ান গেমসের জন্য নেয়া সর্বশেষ প্রস্তুতি ম্যাচে পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বৃহস্পতিবার পুলিশের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে লোডভিক ডি ক্রুইফের ছাত্ররা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 08:27 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

এবারই প্রথম বিভাগে উঠে এসেছে পুলিশ দল। তারপরও রাজারবাগ পুলিশ স্টেডিয়ামে প্রথমার্ধে তাদের বিপক্ষে গোল তুলে নিতে পারেনি ক্রুইফের। তিনটি গোলই অনূর্ধ্ব-২৩ দল পেয়েছে দ্বিতীয়ার্ধে।

দুটি গোল করেন জুয়েল রানা। ৫৫তম মিনিটে সতীর্থের বাড়ানো ক্রস থেকে স্কোরলাইন ১-০ করেন তিনি। ৭৫তম মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি ব্রাদার্সের এই ফরোয়ার্ড করেন ইয়ামিন মুন্নার ক্রসে হেড দিয়ে।

পুলিশের জালে পরের গোলটি করেন আতিকুর রহমান মিশু। ৭৮তম মিনিটে মামুনুলের কর্নার থেকে উড়ে আসা বল হেড করে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন তিনি।

পুলিশের বিপক্ষের ম্যাচ দিয়েই শেষ হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের এশিয়ান গেমসের প্রস্তুতি। এর আগে ঢাকা একাদশের সঙ্গে ১টি, নেপাল অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে দুটি ও বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ।

ঢাকা একাদশের সঙ্গে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির মাঠে গোলশূন্য ড্র করে অনূর্ধ্ব-২৩ দল।

নেপালের বিপক্ষে ঢাকার ম্যাচে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ। তবে সিলেটের ম্যাচে ১-০ ব্যবধানে হারে মামুনুলরা।

সেনাবাহিনীর বিপক্ষে খেলা দুটি প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে এশিয়ান গেমসের এবারের আসর। ফুটবল মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বরে। ৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।