সাঁতারে উঠে আসছে বগুড়া, ঝিনাইদহ, যশোর
পৃষ্ঠপোষকতা নেই; দুই বছর আগে পদক পেলে কিছু টাকা পুরস্কার পাওয়া যেত, এখন সেটাও নেই। এর বাইরেও অনেক সীমাবদ্ধতা; তারপরও সাঁতারে উঠে আসছে বগুড়া, যশোর, ঝিনাইদহের ক্লাবগুলো। আনসার ও বিকেএসপির বাইরে এই তিনটি ক্লাব ছাড়া সোনার পদক জিতেছে কেবল চাপাইনবাবগঞ্জ জেলা।
সুইমিংপুল থাকলেও এবার দল পাঠায়নি বগুড়া জেলা ক্রীড়া সংস্থা। জেলার প্রতিনিধি হয়ে কটন গ্রুপ জাতীয় বয়সভিত্তিক সাঁতারে অংশ নেয় বগুড়া সুইমিং সেন্টার। ১৩টি সোনা, ৮টি রূপা ও ২টি ব্রোঞ্জসহ ২৩টি পদক জিতে তারা জানিয়ে দিয়েছে, সীমাবদ্ধতার দেয়াল টপকানোর সামর্থ্য তাদের আছে।
যশোর জেলা ক্রীড়া সংস্থাকে (১টি রূপা ও ১টি ব্রোঞ্জ) এবারের প্রতিযোগিতায় পেছনে ফেলে দিয়েছে জেলাটির ডলফিন সুইমিং ক্লাব। ১টি সোনা, ৫টি রূপা ও ৬টি ব্রোঞ্জসহ ১২টি পদক সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সের পুল থেকে তুলে নিয়েছে ডলফিনের সাঁতারুরা।
জেলায় সুইমিংপুল নেই। ঝিনাইদহ সুইমিং ক্লাবের সাঁতারুরা সাঁতার কেটেছেন নবগঙ্গা নদীতে কিংবা বাড়ির পাশের পুকুরে। আঁখি খাতুন নামের ৭ম শ্রেণিতে পড়া ছোট্ট মেয়েটি ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতে দেখিয়েছেন পুকুর থেকে এসেও পুলে ঝড় তোলা যায়।
সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি ও বাংলাদেশ আনসারের দাপটের মধ্যে টিকে থাকা এই ক্লাবগুলো চলছে দীনহীনভাবে। বগুড়া সুইমিং সেন্টারের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল ইসলাম সজল জানালেন তার সাঁতারুদের উঠে আসার গল্পটা।
“এই সাফল্যের পুরো কৃতিত্ব কোচের (মাসুদ রানার)। সেই ছেলে-মেয়েদের এডওয়ার্ড পার্ক পুকুরে নিয়ে অনুশীলন করায়। ছেলেমেয়েরাও কঠোর অনুশীলন করেছে এবং ফলও পেয়েছে।”
অর্থ নেই ঝিনাইদহ সুইমিং ক্লাবেরও। তবে তাদের সাঁতারুদের চোখে স্বপ্নটা ঠিকই আছে। ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতে কোচ তরিকুলের কাছ থেকে ৫০০ টাকা পুরস্কার পাওয়ার উচ্ছ্বাসে আঁখি বলল বড় স্বপ্নের কথা।
“আরো ভালো সাঁতারু হতে চাই। স্যারের কাছ থেকে পুরস্কার পেয়েছি। আগামীতে আরো বেশি-বেশি পদক পেতে চাই আমি।”
জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসির দেয়া সুইমিংপুল আছে চাপাইনবাবগঞ্জের। সুইমিংপুল পাওয়া অনেক জেলা ক্রীড়া সংস্থা দল না পাঠালেও এই জেলা দল পাঠিয়েছে। আর দুটি সোনাও জিতেছে তারা।
