১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুরুতর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে বার্সেলোনার বার্দগি

তরুণ এই উইঙ্গারের ডান হাঁটুর এসিএল ছিঁড়ে গেছে, করাতে হবে অস্ত্রোপচার।

গুরুতর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে বার্সেলোনার বার্দগি
রুনি বার্দগি। ছবি: বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 12:11 AM

Updated : 11 Sep 2026, 03:49 PM

স্প্যানিশ গণমাধ্যমে খবর আসে আগের দিন। এবার ক্লাবও জানিয়ে দিল, গুরুতর চোট পেয়েছেন রুনি বার্দগি। তরুণ এই উইঙ্গারের ডান হাঁটুর এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে।

লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, আগামী কয়েক দিনের মধ্যে ২০ বছর বয়সী এই সুইডিশ ফুটবলারের অস্ত্রোপচার করা হবে।

অস্ত্রোপচারের পর এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ছয় মাস সময় লাগে।

সোমবার অনুশীলনের সময় এই চোট পান বার্দগি। চলতি দলবদলে তাকে ধারে অন্য ক্লাবে পাঠানোর পরিকল্পনা ছিল বার্সেলোনার। এই চোটে সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল।

একই হাঁটুতে এটি বার্দগির দ্বিতীয় এসিএল চোট। এর আগে কোপেনহেগেনের হয়ে খেলার সময় তিনি ১০ মাস মাঠের বাইরে ছিলেন। এখন ২০ বছর বয়সে দুটি বড় অস্ত্রোপচারের পর সর্বোচ্চ পর্যায়ে খেলা কঠিন হবে তার জন্য।

গত বছরের জুলাইয়ে চার বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন বার্দগি। গত মৌসুমে তিনি বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেন ২৮ ম্যাচ। এর মধ্যে লা লিগায় ১২টি, চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি। মৌসুমে দুটি গোল ও চারটি অ্যাসিস্ট করেন তিনি।