Published : 02 Aug 2026, 03:51 PM
সাফল্যে ঠাসা গত এক দশকে ম্যানচেস্টার সিটিকে যে চূড়ায় তুলেছেন পেপ গুয়ার্দিওলা, যেভাবে অসংখ্য ট্রফি জিতিয়েছেন দলটিকে; সেখানে তার শূন্যস্থান পূরণ করা যে কারোর জন্যই ভীষণ কঠিন। সেই চ্যালেঞ্জ নিয়েছেন এন্টসো মারেস্কা। ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওল অবশ্য এই ইতালিয়ানকে সিটির ডাগআউটে গুয়ার্দিওলার ‘সঠিক উত্তরসূরি’ হিসেবে দেখছেন।
কোচিং ক্যারিয়ারে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে সফল অধ্যায় শেষে, ম্যানচেস্টার সিটিতে এসে যেন নিজেকে ছাড়িয়ে যান গুয়ার্দিওলা। ২০১৬ সালে দলটির দায়িত্ব নিয়ে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতিয়ে, গত মে মাসে বিদায় জানান তিনি।
পরে এই স্প্যানিয়ার্ডের এক সময়ের সহকারী মারেস্কা তিন বছরের চুক্তিতে সিটির প্রধান কোচ হিসেবে যোগ দেন।
প্রধান কোচ হিসেবে তার অভিজ্ঞতা ও অর্জন গুয়ার্দিওলার তুলনায় তেমন কিছুই নয়; তবে আশার জায়গা আছে যথেষ্ট। লেস্টার সিটিকে চ্যাম্পিয়নশিপ জেতানোর পর, গত বছর চেলসির হয়ে বড় পরিসরের ক্লাব বিশ্বকাপ জয়ের স্বাদ পান তিনি।
মারেস্কার কোচিংয়ে শনিবার প্রথম মাঠে নামে সিটি, যদিও শুরুটা আশানুরূপ হয়নি। প্রাক-মৌসুমে প্রথম প্রস্তুতি ম্যাচে, হংকংয়ে ইন্টার মিলানের বিপক্ষে ১-১ সমতার পর, টাইব্রেকারে হেরে গেছে ইংলিশ ক্লাবটি।
ম্যাচটির পর, যত দ্রুত সম্ভব নতুন কোচের কৌশলে মানিয়ে নিয়ে ভালো কিছু আশাবাদ ব্যক্ত করেন ভার্দিওল।
“আমার মনে হয়, তার কিছু নতুন ধারণা আছে এবং তার খেলার ধরনের সঙ্গে আমরা কীভাবে কী করতে পারি, কেমন ফুটবল আমরা খেলব এবং কী ট্যাকটিকস নেব- বিষয়গুলো আমাদের দেখতে হবে।”
নতুন কোচের প্রতি বিশ্বাস থাকলেও, তার কোচিংয়ে সাফল্য পেতে কিছুটা সময় লাগবে বলেও মনে করেন ভার্দিওলা।
“আমার মতে, তিনি (আমাদের জন্য) সঠিক ব্যক্তি। তবে অবশ্যই, এখানে সময় লাগবে। (গুয়ার্দিওলার কোচিংয়ে অনেক বছর খেলার পর) এটা পুরোপুরি নতুন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কোচের বদল সহজ কিছু নয়, তাই আমাদের সময় লাগবে।
“তাকে যতটা সম্ভব সাহায্য করা আমাদের কাজ এবং যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে তার কথা শুনতেও হবে।”
গুরুতর চোটের কারণে গত মৌসুমের দ্বিতীয়ভাগে পাঁচ মাসের মতো মাঠের বাইরে ছিলেন ভার্দিওল। সুস্থ হয়ে শেষভাগে মাঠে নামেন এবং বিশ্বকাপেও অংশ নেন তিনি। শেষ বত্রিশে পর্তুগালের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার আগে, ক্রেয়েশিয়ার চার ম্যাচের সবগুলোই খেলেন তিনি।
নিজের বর্তমান শারীরিক অবস্থা, গুয়ার্দিওলার সময়ে নিজে ও পুরো দল কীভাবে খেলতেন, সবকিছু নিয়ে মারেস্কার সঙ্গে ইতিবাচক আলাপ হয়েছে বলেও জানান ভার্দিওল।